বিএনপির কর্মসূচিতে শেখ হাসিনাকে আমন্ত্রণ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫২

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজেদের দলীয় কর্মসূচিতে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। গতকাল শনিবার সন্ধ্যায় বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধিদল আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিএনপি যে কর্মসূচি ঘোষণা করেছে, তাতে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার বিএনপির প্রতিনিধিদলের কাছ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন। বিএনপির প্রতিনিধিদলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার ও সুবর্ণজয়ন্তী উদ্যাপনে গঠিত প্রচার ও প্রকাশনা কমিটির সদস্যসচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।