লেখক মুশতাকের মৃত্যু : বরিশাল রংপুর সুনামগঞ্জে বিক্ষোভ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:১৭

 

 

লেখক ও কলামিস্ট মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনায় গতকাল শনিবার বরিশালে সমাজতান্ত্রিক দল (বাসদ), রংপুরে কৃষক-শ্রমিক-ছাত্র-জনতা-লেখক-শিল্পী-সংস্কৃতি কর্মী এবং সুনামগঞ্জে বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা শাখা বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করেছে। এসময় তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। বরিশাল অফিস, স্টাফ রিপোর্টার রংপুর এবং সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো খবর।

বরিশাল অফিস :লেখক ও কলামিস্ট মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনায় বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালিত হয়। বাসদ বরিশাল জেলা শাখার সদস্য কাজল দাসের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন স্থানীয় কবি ও লেখক হেনরি স্বপন, বাসদের জেলা সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক নুরুল হক প্রমুখ। বক্তারা ঢাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদ ও ডিজিটাল সিকিউরিটি কালো আইন বাতিলের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

স্টাফ রিপোর্টার, রংপুর :কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে রংপুর প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে কৃষক-শ্রমিক-ছাত্র-জনতা-লেখক-শিল্পী-সংস্কৃতি কর্মীরা। বক্তারা দাবি করেন, ডিজিটাল আইনে গ্রেফতার হওয়া লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করে বিচারের দাবি জানিয়েছেন তারা। এসময় তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চান। একই সঙ্গে কিশোরসহ ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে থাকা ব্যক্তিদের অবিলম্বে মুক্তি চান।

সুনামগঞ্জ প্রতিনিধি :কারাগারে লেখক মুশতাক আহমেদকে হত্যার অভিযোগ তুলে এর প্রতিবাদ সুনামগঞ্জে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ যুব ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে পৌর শহরের আলফাত স্কয়ার পয়েন্টে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্র রঞ্জন তালুকদার, সুনামগঞ্জ জেলা উদীচীর সভাপতি শীলা রায়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট এনাম আহমদ, নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, যুব ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আবু তাহের প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, কারাগারে লেখক মুশতাক আহমেদের স্বাভাবিক মৃত্যু হয়নি। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মৃত্যুর জন্য দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।