কাওরান বাজারের হাসিনা মার্কেটে ফের আগুন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:১৯

আবারও রাজধানীর কাওরান বাজারের হাসিনা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শতাধিক দোকান পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল শনিবার রাত ৯টা ৮মিনিটে আগুন লাগে। হাসিনা মার্কেটের দোকানগুলোর বেশিরভাগই কাঠ ও টিনের তৈরি। প্রচুর বাতাসের কারণে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। এ নিয়ে গত তিন বছরে এ মার্কেটে তিন দফায় আগুনের ঘটনা ঘটল। প্রথম দফায় আগুন লাগে ২০১৬ সালের ১ মে এবং দ্বিতীয় দফায় আগুন লাগে ২০১৮ সালের ২১ নভেম্বর।

 ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, কাওরান বাজারের হাসিনা মার্কেটে টিনশেড ঘরগুলোতে রাত ৯টা ৮ মিনিটে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তেজগাঁও ও মোহাম্মদপুর কার্যালয়ের আটটি ইউনিট রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

 প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মার্কেটের একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন মার্কেটে ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া অধিকাংশ দোকান ছিল বিভিন্ন ধরনের মসলার। আগুন লাগার সঙ্গে সঙ্গে গোটা কাওরান বাজার এলাকা বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।