গত এক মাস ধরে মোবাইল ফোনে সমানে টাকা আসছে এমপি নূর মোহাম্মদের মোবাইল নম্বরে। বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন তিনি। গত এক মাস ধরে প্রতিদিনই ৫০০ বা ১ হাজার টাকা ফ্রেক্সিলোডে আসছে। কে পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে বিষয়টি তিনি বুঝতে পারছেন না। ফলে নিজেই তিনি বিষয়টি ফেসবুকে দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে নূর মোহাম্মদ ইত্তেফাককে বলেন, প্রথম দিকে আমি বিষয়টি বুঝতে পারিনি। গত এক সপ্তাহ ধরে লক্ষ্য করলাম প্রতিদিনই ফ্রেক্সিলোডে টাকা আসছে। যদিও টাকার অঙ্ক বেশি না। তারপরও এভাবে টাকা আসায় গত প্রায় এক মাসে ৩০ হাজার টাকার মতো এসেছে। বিষয়টি আমি নিজেই ফেসবুকে দিয়েছি।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের এমপি পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ। তিনি বলেন, অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ও উত্স থেকে কোনো কোনো বার ২ হাজার টাকাও পাঠিয়েছে। টাকার পরিমাণ দিনে দিনে ভারি হচ্ছে। অনেক চেষ্টা করেও ঐ টাকা পাঠানো ব্যক্তি এবং উেসর সন্ধান পাচ্ছি না। শেষ পর্যন্ত ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টারের (এনটিএমসি) শরণাপন্ন হয়েছেন তিনি। কিন্তু তারাও জানিয়েছে, বিস্তারিত জানাতে কয়েক দিন সময় লাগবে।
বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে জানতে না পারায় গত বৃহস্পতিবার তিনি ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে এ ঘটনার বিবরণ তুলে ধরে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় জানতে এবং ঐ ব্যক্তিকে এমন ঘটনা থেকে বিরত থাকতে স্ট্যাটাস দেন। পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ এমপির এমন ফেসবুক স্ট্যাটাস এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে।
