না.গঞ্জে মেয়র আইভীর বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৩:২৪

নারায়ণগঞ্জের শহরের মণ্ডলপাড়া এলাকায় মডেল মসজিদ নির্মাণের নামে ওয়াকফ সম্পত্তির অধীনস্থ পাঁচ শতাধিক বছরের প্রাচীন মসজিদের জায়গা দখল করে পার্ক ও বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) চাষাঢ়ায় রাইফেল ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন মণ্ডলপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। মসজিদ এবং ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

লিখিত বক্তব্য পাঠ করে শোনান মণ্ডলপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি আব্দুর রহমান, মসজিদের জমি সংক্রান্ত মামলার আইনজীবী মহসিন মিয়া, মোতোয়াল্লি সাফায়েত উদ্দিন আহমেদ ও সহকারী মোতোয়াল্লি বরকত উল্লাহ খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এসসিএস