ক্যারিয়ারের অসংখ্য বক্স অফিস কাঁপানো সিনেমা উপহার দিয়েছেন অক্ষয় কুমার। বিভিন্ন ঘরানার সিনেমায় নিজেকে নানারূপে উপস্থাপন করে দর্শকদের হূদয়ে স্থান করে নিয়েছেন অনেক আগেই। আর তাই অক্ষয় কুমারের নতুন সিনেমা মানেই ভক্তদের আগ্রহ যেন বেড়ে যায় কয়েকগুণ। অন্যদিকে শ্রদ্ধা কাপুর এইরমধ্যে নিজের যোগ্যতা জানান দিয়েছেন তার অভিনয় মুন্সিয়ানায়। অল্প সময়েই বলিউডে নিজের পোক্ত আসন গড়েছেন। তরুণ প্রজন্মের দর্শকের কাছে তার গ্রহণযোগ্যতা ঈর্ষা করার মতো। আর এই দুই তারকা যদি একসঙ্গে পর্দায় হাজির হন তাহলে তো প্রত্যাশার পাল্লায় জোর হাওয়া লাগবেই। তাদের দু’জনের রসায়ন কবে পর্দায় দেখবে এ নিয়ে অপেক্ষা আর করতে হবে না ভক্তদের। এবার তার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন। জানা গেছে ‘মিশন মঙ্গল’ সিনেমার পরিচালক জগন শক্তির পরিচালনায় ‘জ্যাকি অন মিশন লিয়ন’ শিরোনামের একটি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন অক্ষয়-শ্রদ্ধা। সিনেমাটিতে তাদের সঙ্গে আরো অভিনয় করবেন রাজকুমার রাও। প্রথমসারির অভিনেতা অক্ষয়ের সঙ্গে অভিনয় করা প্রত্যেক অভিনেত্রীর জন্য অন্যরকম প্রাপ্তি ও আনন্দের। এ নিয়ে শ্রদ্ধা বলেন, ‘সিনেমাটিতে অভিনয়ের ব্যাপারে আমি এখনো শিওর নই। চূড়ান্ত কিছু এখনো হয়নি। তবে যদি সত্যি সিনেমাটিতে কাজের সুযোগ পাই তো নিশ্চয় আমার জন্য সেটা আনন্দের খবর হবে। কারণ অক্ষয়ের মতো অভিনেতার সঙ্গে পর্দা ভাগাভাগি করবো। ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা ও ভালো একটি কাজ যুক্ত হবে।’
