বোরহানউদ্দিনে গত মঙ্গলবার দুপুরে খাল থেকে নাজিম উদ্দিন নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দালালপুর গ্রামের কুয়েত মসজিদসংলগ্ন খালে ভাসমান লাশটি পাওয়া যায়। নিহত নাজিমুদ্দিন ঐ ইউনিয়নের সৈয়দ আহমেদের ছেলে। নিহতের ভাই মাহে আলম ও বোরহানউদ্দিন থানার এসআই বিপুল চন্দ্র দেবনাথ জানান, নাজিমুদ্দিন পার্শ্ববর্তী খালে গোসল করতে গিয়ে আর ফিরেননি। স্থানীয়রা তাকে খালে ভাসতে দেখে। তারা নাজিমকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মাজহারুল আমিন বলেন, এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত চলছে।
