কুমিল্ল¬া মেডিক্যাল কলেজ হাসপাতালের জনবল

আপডেট : ০১ মার্চ ২০২১, ২১:৫০

প্রায় ২৯ বছর আগে প্রতিষ্ঠিত ২৫০ শয্যার কুমিল্ল­া মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল ১৩ বছর আগে ৫০০ শয্যায় উন্নীত করা হলেও জনবল বাড়েনি। ফলে ২৫০ শয্যার জনবল দিয়ে এক যুগেরও বেশি সময় ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এর প্রশাসনিক ও চিকিত্সাসেবা কার্যক্রম। বর্তমানে উপপরিচালক, চিকিত্সক ও কর্মকর্তার গুরুত্বপূর্ণ ৩৫টি পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে এমন জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এখানকার রোগীরা। কুমেক হাসপাতালের প্রশাসনিক বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

হাসপাতালটি কুমিল্ল­ার ১৭টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার হতদরিদ্র ও নিম্নমধ্যবিত্তসহ নানা শ্রেণির মানুষের চিকিত্সাসেবায় ভূমিকা রাখছে। ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগীর চিকিত্সাসেবা দিতে গিয়ে সংশ্লি­ষ্টদের হিমশিম খেতে হচ্ছে। রোগীদের অভিযোগ—চিকিত্সা সরঞ্জাম, জনবল ও শয্যা সংকটে তাঁরা এখানে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। হাসপাতালের উপপরিচালক, কনসালটেন্ট সার্জারি, অর্থো-সার্জারি, চক্ষু, ডার্মাটোলজি, মেডিসিন, ইএনটি, অ্যানেসথেসিয়া, রেজিস্ট্রার ইএনটি, বার্ন ও প্ল­াস্টিক সার্জারি বিভাগে একটি করে পদ শূন্য রয়েছে। এছাড়া সহকারী রেজিস্ট্রার (সার্জারি) পদে দুটি, অর্থোপেডিক্স, সহকারী রেজিস্ট্রার (শিশু) ও ইএনটি পদে একটি করে, পেডিয়েট্রিক সার্জারি, বার্ন-প্ল­াস্টিক সার্জারি, নেফ্রলোজি, ক্যাজুয়েলটি, ইউরোলজি পদে দুটি করে, অ্যানেসথেসিওলজিস্ট, ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার, মেডিক্যাল অফিসার, ডায়ালাইস মেডিক্যাল অফিসার, সহ. সার্জন (এমও) অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি, ইনডোর গাইনি মেডিক্যাল অফিসার, নিউরো মেডিসিন, মেডিক্যাল অফিসার শিশু ও ক্যাজুয়েলটি পদে একটি করে, অ্যানেসথেসিওলজিস্ট পদে তিনটি ও রেডিওলজিস্ট (রেডিওলজি ও ইমেজিং) পদে একটিসহ ৩৫টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীসহ পরিচ্ছন্নতাকর্মীর সংকটও রয়েছে।

এখানে প্রতিদিন গড়ে অন্তত ৮৫০ জন রোগী ভর্তি হন এবং আউটডোরে চিকিত্সাসেবা নেন আরো ১২০০ রোগী। ফলে চিকিত্সাসেবাসহ প্রশাসনিক কাজকর্মে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায়, শূন্য পদগুলো পূরণসহ পর্যাপ্ত চিকিত্সা সরঞ্জামাদির অভাব দূর করে রোগীদের সেবার মান বাড়ানোর জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশু প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশা করি।

মোহাম্মদ আলাউদ্দিন, হাউজিং এস্টেট, কুমিল্ল­া