মুজিববর্ষের সেরা করদাতা হলেন কাউছ মিয়া

আপডেট : ০১ মার্চ ২০২১, ২১:৫৩

গত কয়েক বছর ধরে ব্যবসায়ী হিসেবে শীর্ষ করদাতার তালিকায় প্রথমে থাকা আলোচিত জর্দাব্যবসায়ী পুরান ঢাকার হাজি কাউছ মিয়া এবার আরো বড় স্বীকৃতি পেলেন। অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরণী সম্পদ বিভাগ মুজিববর্ষের সেরা করদাতা (২০২০-২১) হিসেবে তাকে স্বীকৃতি দিয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে। ৫ মার্চ কাউছ মিয়াকে এই সম্মাননা দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কাউছ মিয়া ৬১ বছর ধরে কর দিয়ে আসছেন। তিনি ১৯৫০ সালে চাঁদপুরের পুরান বাজারে মুদি দোকানের মাধ্যমে ব্যবসা শুরু করেন। এরপর ধীরে ধীরে সিগারেট, বিস্কুট ও সাবানের এজেন্ট হন। পরবর্তী দুই দশক তিনি চাঁদপুরেই ব্যবসা করেন। ১৯৭০ সালে নারায়ণগঞ্জে চলে আসেন এবং তামাকের ব্যবসা শুরু করেন। কাউছ মিয়া সেরা করদাতা হওয়ার পর থেকে গত কয়েক বছর থেকে ব্যাপক আলোচনা শুরু হয়। অন্য অনেক বড় ব্যবসায়ীকে পেছনে ফেলে সেরা করদাতা হওয়ায় স্থানীয় ও বৈশ্বিক গণমাধ্যমেও তাকে নিয়ে প্রতিবেদন হয়েছে। ২০১৯ সালে এনবিআরের সেরা করদাতাদের সম্মাননা প্রদান উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আগে টাকাপয়সা এখানে-সেখানে রাখতাম। এতে নানা ঝামেলা ও ঝুঁকি থাকত। ১৯৫৮ সালে প্রথম কর দিয়ে একেবারে ফ্রি হয়ে গেলাম। এরপর সব টাকাপয়সা ব্যাংকে রাখতে শুরু করলাম।’