জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশকে পেছনের দিকে টেনে ধরার শক্তি পাকিস্তানি প্রেতাত্মা ও দুর্নীতিবাজ-লুটেরা। এই দুই গোষ্ঠীকে সমূলে নির্মূল করেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং দলের ৫০ বছরে পদার্পণকে সামনে রেখে জাসদের দুই বছরব্যাপী রাজনৈতিক ও সাংগঠনিক অভিযানের উদ্বোধন উপলক্ষ্যে গতকাল কেন্দ্রীয় শহিদ মিনার থেকে পতাকা শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। ইনু বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিএনপিসহ কতিপয় রাজনৈতিক দল ও বুদ্ধিজীবী প্রকাশ্যেই জামায়াতসহ পাকিস্তানপন্থিদের সঙ্গে হাত মিলিয়ে রাজনীতি করছে। এরাই দেশের সাম্প্র্রদায়িকতা-ধর্মান্ধতা-মৌলবাদ-জঙ্গিবাদের উত্পাদন-পুনরুত্পাদন করে চলেছে। এ সময় অন্যদের মধ্যে দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, মীর হোসাইন আখতার, অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
