আগামীতে গণমাধ্যমের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে যাব

আপডেট : ০১ মার্চ ২০২১, ২২:২০

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ‘১৯৭১ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বের শুরু হয়েছিল, তা আজও অব্যাহত। আর এ যাত্রাকে আরো অংশীদারমূলক, সুন্দর ও মসৃৃণ রাখতে বাংলাদেশের গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। বাংলাদেশের মানুষের জন্য মর্যাদাপূর্ণ মার্চ মাস ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী একসঙ্গে উদ্যাপন করতে পেরে আমরা গর্বিত। ঢাকায় অবস্থানকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সর্বোচ্চ অংশীদারিত্ব বজায় রাখতে চেষ্টা করব আমি।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে ভারতীয় হাইকমিশনের অর্থায়নে সংস্কারকৃত অত্যাধুনিক মিডিয়া সেন্টারের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। উদ্বোধন শেষে মিডিয়া সেন্টার পরিদর্শন করেন তিনি। এ সময় জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, যুগ্ম-সম্পাদক ও মিডিয়া সেন্টার উপ-কমিটির আহ্বায়ক মাঈনুল আলম উপস্থিত ছিলেন। 

বাংলাদেশের গণমাধ্যমকে ভারতের অংশীদার উল্লেখ করেন হাইকমিশনার বলেন,  আমরা আগামী দিনগুলোতে বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে নিবিড়ভাবে সহযোগিতা ও সম্পর্ক রেখে যেতে চাই। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম-সম্পাদক আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরীসহ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা। সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের মধ্যে রিয়াজউদ্দিন আহমদ, ইকবাল সোহবান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, আলতামাস কবির, স্বপন সাহা, মোজাম্মেল বাবু, কুদ্দুস আফ্রাদ প্রমুখ।