চেলসির সঙ্গে গোলশূন্য ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার ওলে গুনার সোলস্যার দাবি করেছেন, রেফারিরা ‘বাইরের শক্তির ইন্ধনে’ তাদেরকে পেনাল্টি দিচ্ছে না এবং এ ম্যাচেও একটি ‘শতভাগ সিউর’ পেনাল্টি দেওয়া হয়নি ইউনাইটেডকে। ওদিকে, লিগে চার ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে লিভারপুল। রবিবার শেফিল্ড ইউনাইটেডকে তাদের ঘরের মাঠে ২-০ গোলে হারিয়ে শীর্ষ চারের আশা বাঁচিয়ে রেখেছে ইয়ুর্গেন ক্লপের দল।
স্ট্যামফোর্ড ব্রিজে গোলশূন্য ড্রয়ের ম্যাচে চেলসির ক্যালাম হাডসন ওডয়ের বিরুদ্ধে একটি পেনাল্টির আবেদন তুলেছিল ইউনাইটেডের খেলোয়াড়রা। প্রাথমিক আবেদন নাকচ করার পর ভিএআরের স্মরণাপন্ন হয়েও সিদ্ধান্ত বদলাননি রেফারি। ম্যাচে কোনো গোলের দেখা না পাওয়া ইউনাইটেডের সব ক্ষোভ গিয়ে পড়ল তাই ঐ সিদ্ধান্তের ওপরই। ম্যাচশেষে ম্যানেজার সোলস্যার বলেন, ‘এটা পেনাল্টি ছিল। আমি কিছুটা চিন্তায় পড়ে গেছি, আমাদের পেনাল্টি পাওয়া নিয়ে সারডাক তুলার পর থেকেই আমরা এরকম পেনাল্টি পাচ্ছি না।’
গত মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত লিগে মোট ২২টি পেনাল্টি পেয়েছে ইউনাইটেড, যা অন্য যে কোনো ক্লাবের চেয়ে অন্তত চারটি বেশি। ইউনাইটেডের অতিরিক্ত পেনাল্টি পায়, গত কয়েক মাসে এরকম দাবি করেছেন লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ ও সাবেক চেলসি ম্যানেজার ফ্র্যাংক ল্যাম্পার্ড। সোলস্যার ইঙ্গিতে তীরটা ছুড়লেন তাদের দিকেই, ‘ম্যানেজারদের দিয়ে রেফারিকে প্রভাবিত করার একটা সীমা আছে। আমি বিশ্বাস করি রেফারিরা এসবে প্রভাবিত হন না। কিন্তু ঐ সিদ্ধান্তটি (পেনাল্টি না দেওয়া) আসলে মেনে নেওয়া যায় না।’ রেফারিকে প্রভাবিত করার জন্য চেলসি তাদের ওয়েবসাইটে বিতর্কিত ম্যাচ প্রিভিউ ছেপেছে বলেও দাবি করেছেন সোলস্যার। ওদিকে তরুণ মিডফিল্ডার কার্টিস জোন্সের গোল ও শেফিল্ড ডিফেন্ডার কিন ব্রায়ানের আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানের জয় পেয়েছে লিভারপুল। গত সপ্তাহে পানিতে ডুবে মারা যাওয়া অ্যালিসন বেকারের বাবাকে জয়সূচক গোলটি উত্সর্গ করেছেন জোন্স। ২৪ ফেব্রুয়ারি বাবার অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়ার পর আর মাঠে নামতে দেখা যায়নি লিভারপুল গোলরক্ষক অ্যালিসনকে।
