ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রাম থেকে ইসমাইল হোসেন সুজন (৩২) নামে এক মাদ্রাসাশিক্ষকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইসমাইল হোসেন সুজন বড়বাড়ি নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক ও হলিধানী গ্রামের আবুল খায়েরের ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সার্কেল) আবুল বাশার জানান, সকালে ঘরের ভেতর হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশটির গলায় রশি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। পুলিশ ধারণা করছে—হত্যার পর লাশের গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘরের দরজা খোলা ছিল। তিনি বাজার গোপালপুরে ভাড়া বাসায় থাকতেন। বাড়িতে কেউ ছিল না। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে বলে ঐ পুলিশ অফিসার আরো জানান।
ইসমাইল হোসেন বেশ কয়েক বছর মালয়েশিয়াতে ছিলেন। দেশে ফিরে নতুন প্রতিষ্ঠিত মাদ্রাসায় চাকরি নেন।
