আদালতে শুনানিতে ভিডিও কনফারেন্সে অংশ নিলেন সু চি

আপডেট : ০১ মার্চ ২০২১, ২৩:০৪

মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে দীর্ঘ এক মাস পর দেখা গেল। গতকাল সোমবার তার বিরুদ্ধে চলা মামলার শুনানিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অংশ নেন। তার বিরুদ্ধে আরো নতুন মামলা দায়ের করা হয়েছে। তবে এরই মধ্যে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। রবিবার সহিংসতা ও গুলিতে ১৮ জন নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় কঠোর নিন্দা জানিয়েছে। খবর রয়টার্সের

সু চির আইনজীবী মিন মিন সো জানিয়েছেন, মা সু চিকে আজ ভিডিও কনফারেন্সে দেখেছি। তিনি আদালতে শুনানিতে অংশ নিয়েছিলেন। তার স্বাস্থ্য ভালো আছে। তিনি আইনজীবীকে তার সঙ্গে সাক্ষাত্ করতে বলেছেন। গত পহেলা ফেব্রুয়ারি সামরিক          অভ্যুত্থানের পর ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চিকে দেখা যায়নি। প্রথমে সু চির বিরুদ্ধে ছয়টি ওয়াকিটকি অবৈধভাবে আমদানির কারণে অভিযোগ গঠন করা হয়। দ্বিতীয় অভিযোগ ছিল, সু চির প্রাকৃতিক দুর্যোগ আইনের লঙ্ঘন। গতকাল সোমবার নতুন করে আরো দুটি মামলা করা হয়েছে সু চির বিরুদ্ধে। একটি হচ্ছে, ঔপনিবেশিক আমলের পেনাল কোডের আইনে তথ্য প্রকাশসংক্রান্ত এবং অন্যটি হচ্ছে টেলিযোগাযোগ আইন লঙ্ঘনের অভিযোগ। আগামী ১৫ মার্চ ফের শুনানি অনুষ্ঠিত হবে।

গতকালও দেশের বৃহত্তম ইয়াংগুনসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করেছে। ইয়াংগুনে রাবার বুলেটে এক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবারের সহিংসতার নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, কানাডার পররাষ্ট্রমন্ত্রী মার্ক গারনিউ ও মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রিউসসহ অনেকে। আজ মঙ্গলবার সাউথ ইস্ট অ্যাসোসিয়েশন অব ন্যাশনসের (আসিয়ান) বিশেষ বৈঠক হওয়ার কথা।