গ্রেফতার ১৩ ছাত্রদল নেতাকর্মী পাঁচ দিনের রিমান্ডে

আপডেট : ০২ মার্চ ২০২১, ০০:৪৫

জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশ ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ১৩ আসামির পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মঞ্জুরুল আলম, আতাউর রহমান, মাসুদ রানা, শফিকুল ইসলাম, শাইরাজ, আহসান হাবিব ভুঁইয়া রাজু, কবির হোসেন, মনোয়ার ইসলাম, আরিফুল হক, আনিসুর রহমান খন্দকার অনিক, আবু হায়াত মো. জুলফিকার, আতিফ মোর্শেদ ও রমজান।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. আব্দুল্লাহ ১৩ আসামির প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত রবিবার লেখক মুশতাক আহমেদের জেলহাজতে মৃত্যু ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের বীরত্বের খেতাব বাতিল প্রক্রিয়ার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভকারীরা পুলিশের বিনা অনুমতিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করার চেষ্টা করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের থামানো ও রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে। এ সময় তারা প্রেস ক্লাবের ভেতরে ঢুকে অবস্থান নেয়। পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে। এরপর পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনায় রবিবার শাহবাগ থানার এসআই পলাশ সাহা বাদী হয়ে ৪৮ আসামির নামোল্লেখসহ ২০০-২৫০ জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।