রাজধানীর রূপনগর বেড়িবাঁধ এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা আরোহী নানি-নাতনি নিহত হয়েছেন। নিহতরা হলেন নানি সালমা বেগম (৫৫) এবং নাতনি রিন্তা আক্তার (১১)। এ সময় আহত হয়েছেন রিন্তার মামা সোহেল রানা ওরফে সালেক হোসেন (২৪) ও বড় বোন এলিনা জাহান রিমা (১৩)। গতকাল সোমবার ভোর ৬টার দিকে রূপনগর বেড়িবাঁধ পাম্প হাউজ সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
রূপনগর থানার এসআই মো. লোকমান হোসেন জানান, ভোরে একটি সিএনজিতে করে আশুলিয়ায় বেড়াতে যাচ্ছিল একই পরিবারের চার জন। এ সময় একটি ট্রাক যাত্রীবাহী সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা রিন্তা ঘটনাস্থলেই মারা যায়। আর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুপুর ১২টার দিকে চিকিত্সাধীন অবস্থায় তার নানি সালমা বেগম মারা যান। আহত হয় বোন ও সিএনজিচালক মামা।
তিনি বলেন, রিন্তার মরদেহটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর সালমার মৃতদেহ ঢাকা মেডিক্যালের মর্গে আছে। আহত রিমা ও সালেককে পঙ্গু হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে ঢামেক হাসপাতালে মৃত রিন্তার খালা শিউলি আক্তার জানান, তাদের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা গ্রামে। তিনি থাকেন আশুলিয়ায়। আর তার মা সালমা বেগম ও দুই বোন রিমা ও রিন্তা গ্রামে থাকেন। এলাকার বানিনগর সরকারি প্রাইমারি স্কুলের ২য় শ্রেণিতে পড়ত রিন্তা। তিন দিন আগেই নানির সঙ্গে দুই বোন আদাবর ১০ নম্বর বালুর মাঠে নানা আবুল হোসেনের কাছে বেড়াতে আসেন। সেখান থেকে গতকাল ভোরে মামা সালেকের সিএনজিতে করে আশুলিয়া খালা শিউলির বাসায় যাচ্ছিল। শিউলি জানায়, রিন্তার মা দুলালি বেগম গত বছরের নভেম্বরে মারা যায়। তার বাবা এরশাদুল ইসলাম গ্রামে থাকেন। একেক সময় একেক কাজ করেন তিনি। তিন বোনের মধ্যে সবার ছোট রিন্তা।
