ভারতের পাওয়ার গ্রিডে সাইবার আক্রমণ চালিয়েছে চীন। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি এ কথা জানিয়ে বলেছে, গ্রিডে অনেক ক্ষতিকর কার্যক্রম দেখা গেছে। নিশ্চিতভাবেই এটি চীনা হ্যাকারদের কাজ। এমতাবস্থায় যুক্তরাষ্ট্রকে ভারতের পাশে থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান ফ্র্যাঙ্ক পলিন। মঙ্গলবার (২ মার্চ) এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
গতকাল সোমবার রাতে ঐ মার্কিন কোম্পানি রিপোর্ট প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, গত বছর গালওয়ান ভ্যালি নিয়ে শীতল যুদ্ধের পর ভারতের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য বানিয়েছে চীনের হ্যাকাররা। গত বছরের অক্টোবর থেকে কয়েক দফায় এসব পাওয়ার গ্রিডে হামলা চালানো হয়েছে। প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে এসব চীনেরই কাজ।
ফ্র্যাঙ্ক পলিন বলেছেন, ভারত আমাদের কৌশলগত পার্টনার। তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং এই ঘৃণ্য চাইনিজ আক্রমণের নিন্দা জানাতে হবে। করোনার মধ্যে এমন আক্রমণের কারণে ভারতের হাসপাতালগুলো জেনারেটর চালিয়ে সেবা দিতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, আমরা বল ও ভয় দেখানোর মাধ্যমে চীনকে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে দিতে পারি না।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ বিষয়ে অবগত আছে। বিশ্বজুড়ে সাইবারস্পেসে এমন হামলা মোকাবেলা করতে আমরা আমাদের পার্টনারদের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র।
ইত্তেফাক/এসএ
