একাধিক ছবিতে বিপাশা

আপডেট : ০২ মার্চ ২০২১, ২১:০১

এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা বিপাশা কবির নিয়মিত কাজ করছেন দেশীয় চলচ্চিত্রে। এছাড়া বেশ কয়েকটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। এরইমধ্যে নিজের মেধা ও অভিনয় দিয়ে দর্শকহূদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে নতুন দুটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিপাশা। এছাড়া সম্প্রতি তার ‘গিভ অ্যান্ড টেক’ ও ‘সোলমেট’ ছবি দুটির শুটিং শেষ হয়েছে। বিপাশা বলেন, ‘বর্তমানে আকাশ আচার্যের পরিচালনায় পরাণে পরাণ বান্ধিয়া ও রেজা হাসমতের পরিচালনায় জেদি মেয়ে শিরোনামের দুটি ছবিতে অভিনয় করছি। আসলে অনেক কাঠখড় পুড়িয়ে আজকের অবস্থানের এসেছি। নিজেকে প্রকাশ করার চেষ্টা করেছি, এখনো করছি। কেউ তো আগ বাড়িয়ে কোনো কাজ দেবে না। নিজের যোগ্যতা প্রমাণ করেই কাজ পেতে হয়। তবে বিশ্বাস করি, ভেঙে না পড়ে নিজের মেধা, সততা আর পরিশ্রম থাকলে একদিন ঠিক সফলতা আসবে।’

নিয়মিত ছবিতে অভিনয়ের পাশাপাশি বিপাশাকে এরইমধ্যে একাধিক ওয়েব সিরিজেও দেখা গেছে। নতুন এই মাধ্যমটি নিয়ে নানা নেতিবাচক সমালোচনা রয়েছে। অনেকেই চরিত্র সংকট, অশ্লীল দৃশ্য ও সংলাপসহ নানা বিষয়ে প্রশ্ন তুলেছেন। এ প্রসঙ্গে বিপাশা আরো বলেন, ‘যে ধরনের কাজ নিয়ে নেতিবাচক কথা হচ্ছে সে ধরনের কাজ আমি করি না, ভবিষতেও করতে চাই না। আর আমার মনে হয়, ওয়েব সিরিজে এমনটা হতেই পারে। তবে সেই দৃশ্য বা সংলাপ কীভাবে আপনি উপস্থাপন করছেন সেটাই মূখ্য। তাছাড়া আমার মনে হয় আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। কারণ আপনি যখন বাইরের দেশের কোনো ছবি বা ওয়েব ফিল্ম দেখছেন তখন কিন্তু সেটা মজা করেই দেখছেন। সেখানের যেকোনো দৃশ্য আপনি সাদরে গ্রহণ করছেন। কিন্তু আমাদের দেশের কোনো ছবিতে বা ওয়েব সিরিজে একটু সংলাপ বা দৃশ্য নেতিবাচক হলেই সমালোচনা করছেন। কিন্তু কেন এই দ্বিমুখি চিন্তা!’