প্রতিটি সিনেমাতে অভিনয়ের আগে নিজেকে সেই চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে অনেক পরিশ্রম করেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। তার এমন পরিশ্রম ও নিজেকে ভাঙার চেষ্টা নিয়ে বেশ কয়েকবার শিরোনামেও আসেন তিনি। সেই ধারাবাহিকতায় ক’দিন আগেই তিনি জানিয়েছিলেন ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করছেন তিনি। এই সিনেমাটি দিয়ে শীর্ষস্থান দখলে আরেক ধাপ এগিয়ে যেতে চান তিনি। সেই স্বপ্ন পূরণের পথে এবার যাত্রা শুরু করলেন দিশা। সোমবার নির্মাতা মোহিত সুরির এই সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন এ অভিনেত্রী। প্রথমদিনের শুটিংয়ের কয়েকটি ছবি দিশা তার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘এবং এখানে আমরা সবাই আছি।’ এতে দেখা যাচ্ছে দিশা, জন আব্রাহাম ও মোহিত সুরির সঙ্গে টিমের অন্যান্য সদস্যরা। এছাড়া অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে দিশার টি-শার্টের পেছনে লেখা ‘এক ভিলেন রিটার্নস’। পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ছবিগুলো তার ভক্তদের মাঝে ভাইরাল হয়ে যায়। মোহিত সুরির সঙ্গে দিশার আবারো কাজ করা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সিনেপ্রেমীরা। দিশা বলেন, ‘আমি সব কাজই অনেক পরিশ্রম করে করি। তবে এই কাজটি আমার জন্য বিশেষ। এর জন্য একটু বেশিই প্রস্তুতি নিয়েছি। অবশেষে শুটিং শুরু হলো। এই সিনেমাটির মাধ্যমে স্বপ্ন পুরণে আরো একটু এগিয়ে যেতে চাই। আর মোহিত সুরির পরিচালনায় আগেও কাজ করেছি। নিশ্চয় ভালো কিছু উপহার দেবো আমরা।’
উল্লেখ্য, সিনেমাটিতে দিশার সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে জনপ্রিয় তারকা জন আব্রাহামকে। এছাড়াও স্ক্রিন শেয়ার করবেন অর্জুন কাপুর ও তারা সুতারিয়া।
