কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের এক সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র্যাব-৯। গত সোমবার মধ্যরাতে লাউয়াছড়া উদ্যানের পাকা রাস্তার ওপর থেকে অস্ত্রসহ কামরুজ্জামান নামের ঐ ব্যক্তিকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের দল অভিযান চালিয়ে একটি রিভলবার, ২৬টি জিহাদি বইসহ কামরুজ্জামানকে আটক করে। আটক কামরুজ্জামান ঝিনাইদহ জেলার শৈলকুপা গ্রামের উম্মত মণ্ডলের ছেলে। কমলগঞ্জ থানার পুলিশ গতকাল মঙ্গলবার তাকে আদালতে পাঠিয়েছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। কামরুজ্জামানকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকালে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়।
