নিষেধাজ্ঞা রয়েছে দিনের বেলায় আবর্জনা অপসারণে। কিন্তু মানা হচ্ছে না এই নিয়ম। ফলে প্রতিদিনই দিনের বেলা পরিষ্কার করতে দেখা যায় কুমিল্লা নগরীর ময়লা-আবর্জনা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাতায়াতকারী হাজার হাজার মানুষকে। সাবেক কুমিল্লা পৌরসভার অধীন বর্তমান ৩, ৪, ৮, ৯, ১০ ও ১১ নম্বর ওয়ার্ড এলাকা ঘনবসতিপূর্ণ। উল্লেখযোগ্য স্থান শাসনগাছা বাদশা মিয়া বাজার, রানীর বাজার, রাজগঞ্জ, চকবাজার, টমসমব্রিজ ও নিউমার্কেটসহ অন্যান্য মার্কেট। সিটি করপোরেশন আবর্জনা ফেলার জন্য ব্যস্ত এলাকায় অপেক্ষাকৃত বেশি ডাস্টবিন তৈরি করেছে। তবে অসচেতন নাগরিকরা যতটা ফেলছে ডাস্টবিনে, তার চেয়ে বেশি ফেলছে সড়কের ওপর। অভিযোগ রয়েছে—কাঁচাবাজারগুলোর আবর্জনা ফেলার স্থানগুলো কেউ না কেউ দখল করে সেসব স্থানেও দোকানঘর নির্মাণ করে ফেলেছে। এতে বাজারগুলোর আবর্জনার ঠাঁই হচ্ছে সড়কের ওপর। আর এসব ময়লা রাতের বেলা পরিষ্কার করার কথা থাকলেও অজ্ঞাত কারণে দিনের বেলায় অপসারণ করায় একদিকে যানজট অন্যদিকে দুর্গন্ধে যানবাহন ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায়, রাতের বেলা আবর্জনা পরিষ্কার করে নগরবাসীদের দুর্ভোগ ঘোচাতে সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি।
মামশাদ কবীর
কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০
