পাবনা-শিলাইদহ সড়কে বাংলাবাজারের কাছে ইছামতী নদীর ওপরে সেতুর কাজ শেষ হয়েছে প্রায় দেড় বছর হলো। কিন্তু দু পাশে সংযোগ সড়ক না থাকায় সেতু ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ফলে বাংলাবাজারের শিল্প কারখানার পণ্য পরিবহনে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া ইছামতী নদী ভরাট করে চলাচলের ব্যবস্থা করায় নদীর পানি চলাচল হচ্ছে বাধাগ্রস্ত। সেতুর দুপাশে ব্যাপক জ্যাম লেগে থাকে প্রায় সারা দিন। ফলে এলাকার রোগী ও শিশু বাচ্চাদের চলাচলে ভীষণ অসুবিধা হচ্ছে। এ অবস্থায়, ইছামতী নদী বাঁচাতে এবং জনদুর্ভোগ কমাতে সেতুর সংযোগ সড়ক তৈরি করা জরুরি। বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শাবলু শাহাবউদ্দিন
বাংলাবাজার, পাবনা সদর, পাবনা
