জেলা/বিভাগীয় শহরে চাকরির পরীক্ষা

আপডেট : ০২ মার্চ ২০২১, ২২:০২

বর্তমানে বাংলাদেশের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রায় বেশিরভাগই অনুষ্ঠিত হয় রাজধানী শহর ঢাকায়। বিভিন্ন জেলা থেকে চাকরিপ্রার্থীদের পরীক্ষা দিতে ছুটে যেতে হয় ঢাকা শহরে। চাকরিপ্রার্থীর একটা উল্লেখযোগ্য অংশ দরিদ্র কিংবা মধ্যবিত্ত পরিবারের সন্তান, যাদের চাকরির আবেদন ফি জোগানোই কষ্টকর। এছাড়া অন্য জেলা থেকে ঢাকায় আসতে হলে আগের দিন রওনা দিতে হয়। ঢাকায় সবার স্বজন-পরিজন না থাকায় অনেককেই পড়তে হয় আবাসন বিড়ম্বনায়। উঠতে হয় হোটেলে। পরীক্ষা শেষে ফিরতে হয় নিজের জেলায়। একজন বেকার, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত চাকরিপ্রার্থীর কাছে এই খরচ বহন খুবই কষ্টকর। তাই উল্লিখিত সমস্যা বিবেচনায় প্রতিটি জেলায় না হলেও অন্তত বিভাগীয় শহরে চাকরির পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

রেহেনুমা সেহেলী কবির

শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ