রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আগের দিন ঘরের মাঠে পয়েন্ট খুইয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে চাপে রাখার সুযোগ হাতছাড়া করেছে দলটি। হাতছাড়া করেছে বার্সেলোনাকে পেছনে রাখার সুযোগও। তবে ম্যাচে বেশ দাপুটে ফুটবলই খেলেছিল তারা। কিন্তু তারপরও হারতে হারতে কোনোমতে ড্রয়ের সন্তুষ্টি নিয়ে মাঠ ছাড়ে দলটি। আর এমনটা ফর্মেশনের পরিবর্তনের কারণে হয়েছে বলে জানিয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে গত সোমবার রাতে লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ।
আটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে হোঁচট নিয়ে উদ্বিগ্ন নন জিনেজিন জিদান। খেলোয়াড়দের শান্ত থাকার পরামর্শ দিলেন রিয়াল মাদ্রিদ কোচ। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ড্র করায় শিরোপা লড়াই থেকে দল ছিটকে গেছে এমনটা মনে করছেন না তিনি।
সোসিয়েদাদকে হারাতে পারলে পয়েন্ট তালিকার দুই নম্বরে ফিরত রিয়াল। আগামী রবিবার নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠে জিততে পারলে পয়েন্টের হিসেবে ধরে ফেলতো আটলেটিকোকে। তালিকার শীর্ষে থাকা দিয়েগো সিমেওনের দলের পয়েন্ট ২৪ ম্যাচে ৫৮। এক ম্যাচ করে বেশি খেলা বার্সেলোনা ও রিয়াল আছে পরের দুটি স্থানে। চির প্রতিদ্বন্দ্বী দুই দলের পয়েন্ট ৫৩ করে। সুযোগ হাতছাড়া হলেও ধৈর্য হারাচ্ছেন না জিদান। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলকে বললেন ধৈর্য ধরতে।
‘আমাদের শান্ত থাকতে হবে। আমরা ভালো খেলেছি এবং তিন-চারটি পরিষ্কার সুযোগ তৈরি করেছিলাম। তবে আমরা এমন একটা দলের বিপক্ষে খেলেছি যারা নিজেরাও সুযোগ তৈরি করেছিল। এখন আমাদের ধৈর্য ধরতে হবে, শান্ত থেকে বিশ্রাম নিতে হবে। যেসব সুযোগ আমরা তৈরি করেছিলাম তাতে আমরা ছিলাম আরো বেশি কিছুর দাবিদার। আমরা ম্যাচে দাপট দেখিয়ে আধিপত্য করেছি, তবে আমরা এমন ম্যাচও জিতেছি যেটা আমাদের জেতার কথা ছিল না। এটাই ফুটবল।’ সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ জয়ের পর ড্র করল রিয়াল। তবে এই ফল আটলেটিকো ম্যাচে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন জিদান। ডার্বি ম্যাচ নিয়ে আমাদের যে মনোভাব রয়েছে তাতে এই ড্র কোনো প্রভাব ফেলবে না। দারুণ একটি ম্যাচ খেলার লক্ষ্য নিয়েই আমরা সেখানে যাব।
