সোনালী ব্যাংক ভবনে বঙ্গবন্ধুর ম্যুরাল ও মুজিব কর্নার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

আপডেট : ০২ মার্চ ২০২১, ২২:২৫

মুজিব শতবর্ষে সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় ভবনে গতকাল মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে মুজিব কর্নার ও বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহের এমডি ও সিইওগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান।

অর্থমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটি শুধু একটি নাম নয়, একটি দর্শন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধায় বঙ্গবন্ধু ম্যুরাল ও ‘মুজিব কর্নার’ স্থাপন করেছে সোনালী ব্যাংক লিমিটেড। জাতির পিতার প্রতি সোনালী ব্যাংকের এই সম্মান প্রদর্শন একটি মহতী উদ্যোগ। উল্লেখ্য মুজিব কর্নার প্রতিষ্ঠার পুরো কাজটি সম্পন্ন করেছেন একুশে পদক বিজয়ী প্রখ্যাত আলোকচিত্র শিল্পী পাভেল রহমান।