কথায় কথায় বিবৃতি দেওয়ার অভ্যাস পরিহার করুন

আপডেট : ০২ মার্চ ২০২১, ২২:২৯

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ কথায় কথায় বিবৃতি দেওয়ার পুরোনো অভ্যাস পরিহার করতে বিদেশিদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘মুশতাকের মৃত্যুতে বিদেশিদের অনেক বক্তব্য শিষ্টাচারবহির্ভূত। গতকাল রাজধানীর বীর উত্তম সি আর দত্ত সড়কে দৈনিক সময়ের আলো পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের এসংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে কেক কাটার অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ অংশ নেন। বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির উপসম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং রিহ্যাবের প্রেসিডেন্ট শামসুল আলামিন কাজল, সময়ের আলোর মাতৃপ্রতিষ্ঠান আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এম এনামুল হক, ব্যবস্থাপনা পরিচালক রমজানুল হক ও পরিচালক মাহফুজা মাইশা হক।