দেশে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ

আপডেট : ০২ মার্চ ২০২১, ২৩:০০

হালনাগাদের পর চূড়ান্ত তালিকায় দেশে বর্তমানে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। এর মধ্যে নারী ভোটার ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন ও পুরুষ ভোটার ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার পাঁচ জন। আনুপাতিক হারে নারী ভোটার ৪৯ দশমিক ৩৩ ভাগ আর পুরুষ ভোটার ৫০ দশমিক ৬৬ ভাগ। সে হিসাবে দেশে নারীর চেয়ে পুরুষ ভোটার বেশি। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৪১ জন।

গতকাল জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকার এ তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান। তিনি বলেন, এবার হালনাগাদে তালিকায় ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন ভোটার যুক্ত হয়েছেন। আর বিদ্যমান তালিকা থেকে মৃত্যুজনিত কারণে বাদ পড়েছেন ১৬ হাজার ৪৯৯ জন। গত ১৭ জানুয়ারি হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ করা হয়। দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলো।

আসাদুজ্জামান জানান, ২০২০ সালের ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। এর মধ্যে ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন পুরুষ; ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২ জন নারী এবং ৩৬০ জন তৃতীয় লিঙ্গের।