হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০২ মার্চ ২০২১, ২৩:০১

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুম থেকে সাজেদা বেগম (৬৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বাথরুমের ভিমের সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার হয়। তিনি উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ডহরগোপ গ্রামের মৃত সাহাবুদ্দিনের মেয়ে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার জানান, সাজেদা বেগম মানসিক ভারসাম্যহীন। তিনি গত ১৮ জানুয়ারি অসুস্থ অবস্থায় একাই এসে হাসপাতালে ভর্তি হন। কিছুটা সুস্থ হওয়ার পর তাকে বাড়ি ফিরে যেতে বলা হলে তার কোনো আত্মীয়স্বজন নেই বলে তিনি জানান। তিনি আরো বলেন, পুরোপুরি সুস্থ হলে তিনি নিজেই চলে যাবেন। গতকাল সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মহিলাদের একটি বাথরুমে গিয়ে দেখা যায়—গলায় পরনের কাপড় প্যাঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলছে।

হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হবে।