আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দুর্নীতি মামলার দণ্ডিত আসামিকে দিয়ে বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন মুক্তিযুদ্ধের প্রতি চরম অসম্মান। গতকাল মঙ্গলবার সকালে তিনি চট্টগ্রাম-বোয়ালখালী রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধনকালে একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
সেতুমন্ত্রী বলেন, দেশের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতার ‘সুবর্ণজয়ন্তী’ অনুষ্ঠান একজন পলাতক আসামি দিয়ে উদ্বোধন করায় দেশবাসী বিস্মিত হয়েছে। দলে অনেক সিনিয়র নেতা ও মুক্তিযোদ্ধা থাকতে টেমস নদীর পাড় থেকে অনুষ্ঠান উদ্বোধন স্বাধীনতার প্রতি বিএনপির কমিটমেন্ট নিয়েই প্রশ্ন উঠেছে। তিনি বলেন, বিএনপি স্বাধীনতার ইতিহাসকে বিকৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ভূলুণ্ঠিত করেছে। বিএনপির মুখে স্বাধীনতার চেতনা ভূতের মুখে রামনামের সমান। দেশে নাকি গণতন্ত্র খুঁজে পায় না—বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা যখন নির্বাচনে জিতে তখন এক কথা বলে, আর পরাজিত হলে বলে আরেক কথা। জনগণ ভোট না দিলেও তাদেরকে জোর করে জিতিয়ে তবেই প্রমাণ করতে হবে দেশে গণতন্ত্র আছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির সন্ত্রাসনির্ভর আন্দোলনে মানুষ এখন আর সাড়া দেয় না, বরং তাদের আন্দোলনের কথা শুনলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, দেশে গাড়ি চালনায় নারীদের আগ্রহ বাড়ছে। তাই নারীদের প্রশিক্ষণের ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। বিআরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে তিনি বলেন, চট্টগ্রামসহ সারা দেশে বাস পরিচালনার জন্য নতুন রুট চিহ্নিত করে রুট সম্প্রসারণ করতে হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আ স ম জামসেদ খন্দকার প্রমুখ।
