সুবর্ণচরের চরজুবলী ইউনিয়নের চর জিয়াউদ্দিন গ্রামে ধর্ষণের শিকার এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার চরজব্বার শহীদ জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ে পড়ত। অভিযুক্ত রুবেল সদর উপজেলার টক্কর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
নিহতের চাচা ফিরোজ জানান, ফজলে রাব্বি রুবেল (১৯) গত রবিবার দুপুর ১২টার দিকে তার ভাতিজিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এ অপমান সইতে না পেরে ঐদিন সন্ধ্যা ৭টার দিকে সে বিষপান করে। পরে তাকে সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থা আরো খারাপ হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় দিকে সে মারা যায়।
এ ঘটনা সম্পর্কে চরজব্বর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিল বলেন, মেয়েটির মা-বাবা গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। বাড়িতে দুই মেয়েকে তাদের নানির কাছে রেখে যান। ঘটনার সময় ঐ মেয়ের নানি তার ছোট বোনকে নিয়ে এলাকার অন্য বাড়িতে যান। এ সুযোগে রুবেল তাকে ধর্ষণ করেছে বলে তার মায়ের অভিযোগ। তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ঐ মেয়ের সঙ্গে রুবেলের প্রেমের সম্পর্ক ছিল। এক সময় সে মেয়েটির বাবার দরজির দোকানের কর্মচারী ছিল। সেই সুবাদে তাদের পরিচয়। গতকাল মঙ্গলবার ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
