দুর্নীতি মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামাল গত সোমবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে উন্নত চিকিত্সার জন্য গতকাল মঙ্গলবার তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। কামালের একমাত্র ছেলে কামরুল আহসান রূপন জানান, তার বাবা কারাগারে দুই বার বমি করে চেতনা হারিয়ে ফেলেন। তিনি খুবই অসুস্থ, তার উন্নত চিকিত্সা প্রয়োজন। বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, সাবেক মেয়র আহসান হাবিব কামাল কারাগারে আসার আগে থেকেই বহু রোগে আক্রান্ত। কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শের জন্য গতকাল মঙ্গলবার তাকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের মেডিসিন বহির্বিভাগের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মানবেন্দ্র সরকার জানান, অসুস্থ সাবেক মেয়র আহসান হাবিব কামালকে গতকাল মঙ্গলবার জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। তার বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষাসহ বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তার শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ৪৫ লাখ টাকা আত্মসাতের মামলায় গত বছরের ৯ নভেম্বর বিসিসির সাবেক মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামাল এবং সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলামসহ পাঁচ জনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেন বিভাগীয় স্পেশাল জজ আদালত। একই সঙ্গে আদালত সাবেক মেয়র কামাল এবং মো. জাকির হোসেন নামে এক কথিত ঠিকাদারকে ১ কোটি টাকা করে জরিমানা করেন।
