নার্সেস সংগ্রাম পরিষদের কর্মসূচি স্থগিত

আপডেট : ০৩ মার্চ ২০২১, ০০:২৬

নার্স সংগঠনগুলোর জাতীয় ঐক্যের ভিত্তিতে গঠিত নার্সেস সংগ্রাম পরিষদের পূর্বঘোষিত চার দিনের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় নার্সেস সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নার্স নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সভায় দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে সর্বসম্মতিক্রমে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে নার্সিং সেক্টরে উদ্ভূত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাত্ চান নার্স নেতারা।

নার্সিং সেক্টরে উদ্ভূত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হস্তক্ষেপ কামনা করে নার্স নেতারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নার্সিং পেশার মান রক্ষার লক্ষ্যে কোনোক্রমেই কারিগরি বোর্ডের অধীন পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন দেওয়া যাবে না। পরিবার কল্যাণ পরিদর্শিকাদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সমমান করা যাবে না। গত ৫ ফেব্রুয়ারি ব্যাচেলর অব নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ছাত্রছাত্রীদের নির্ধারিত কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার করে কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার ব্যবস্থা করার দাবি জানান নার্স নেতারা।