ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কাল ঢাকায় আসছেন

আপডেট : ০৩ মার্চ ২০২১, ০০:২৯

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। কাল সকালে বিশেষ বিমানে ঢাকা আসবেন ও সন্ধ্যায় দিল্লি ফিরে যাবেন।  

আগামী ২৬-২৭ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর সামনে রেখে তিনি ঢাকা আসছেন। মোদির সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা ও সমঝোতা স্মারক চূড়ান্ত করবেন। ঢাকা সফরকালে জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ মার্চ ঢাকায় আসছেন। ২৭ মার্চ দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর দুই প্রধানমন্ত্রীর মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের জানান, নরেন্দ্র মোদির সফরের বিষয়গুলো চূড়ান্ত করতেই জয়শঙ্কর ঢাকায় আসছেন। কানেক্টিভিটি, বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা, করোনায় সৃষ্ট স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকট মোকাবিলাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। অমীমাংসিত ইস্যুগুলো নিয়েও বিশেষ করে পানির বিষয়টি গুরুত্ব পাবে।

মোদির সফর সামনে রেখে গত ২৮ থেকে ৩১ জানুয়ারি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লি সফর করেন। সে সময় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন তিনি। তার আগে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা গত ১৮ আগস্ট ঢাকায় এসেছিলেন। সে সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেন।