টেকনাফে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট : ০৩ মার্চ ২০২১, ০০:২৯

টেকনাফে কোস্ট গার্ড জওয়ানেরা শাহপরীর দ্বীপ সাগর উপকূলে অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাট এলাকার ঝাউবনে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি স্টেশন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম সালেহ আকরাম (এক্স) বিএনভিআর জানান, মিয়ানমার হতে সাগর পথে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে মধ্যরাতে সেন্টমার্টিন ও টেকনাফ কোস্ট গার্ডের পৃথক আভিযানিক দল শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সাগর উপকূলে অভিযান চালিয়ে তিন জন লোককে টর্চ লাইটের আলোয় দেখতে পান। তাদের থামানোর জন্য চ্যালেঞ্জ করলে তারা পার্শ্ববর্তী কেওড়া বাগান দিয়ে পালিয়ে যায়। পরবর্তীকালে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ইয়াবাভর্তি দুটি বস্তা পাওয়া যায়। তা কোস্ট গার্ড স্টেশনে এনে গণনা করে ২ লাখ ৭৯ হাজার ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন আমিরুল হক জানান, জব্দকৃত এই মাদকের চালান পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।