পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট হবে ৮ দফায়। দলে বিদ্রোহ ও ভাঙন ঠেকাতে এবং দুই প্রতিপক্ষকে চাপে রাখতে কৌশলী মমতা ব্যানার্জি। তাই ভোট ঘোষণার পর ৫ দিন কেটে গেলেও ঘোষণা করেননি প্রার্থী। তার এই নয়া কৌশলে চাপে দুই প্রতিপক্ষ সিপিএম-কংগ্রেস জোট এবং বিজেপি।
ভারতীয় রাজনীতির প্রথা অনুসারে শাসক দল চিরকাল নির্বাচন ঘোষণার দিনই প্রার্থী তালিকা ঘোষণা করে দেয়। বিরোধী দলগুলি তারপর প্রার্থী ঘোষণা করে। ১ মার্চ পশ্চিমবঙ্গে প্রথম দফার নমিনেশন জমা দেওয়া শুরু হয়ে গেছে। শেষ হবে ৮ মার্চ। অথচ পশ্চিমবঙ্গে স্বীকৃত সব চেয়ে বড় ৪ রাজনৈতিক দল- তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, জাতীয় কংগ্রেসের কোনও প্রার্থীই তা জমা দেননি। কারণ তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা না করায় দুই প্রতিপক্ষেরও করা হয়নি।
তৃণমূল সূত্রের খবর, তিথি ও নক্ষত্র যোগ ভাল না থাকায় মমতা ব্যানার্জি প্রার্থী তালিকা ঘোষণা পিছিয়ে দিয়েছেন। তবে আজ বুধবার তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে।
