রাশিয়ার সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। একইভাবে নিষেধাজ্ঞ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগ এবং তাকে কারাগারে প্রেরণ করায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার দেশটির ওপর সমন্বিত নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও ইইউ। সিনিয়র মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রাসায়নিক উত্পাদনের সঙ্গে জড়িত রাশিয়ার সাত জন সিনিয়র কর্মকর্তা এবং ১৪টি কোম্পানির ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নাম তাত্ক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে মার্কিন কর্মকতারা জানিয়েছেন, এ তালিকার কয়েকটি নাম ইতোপূর্বে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায়ও এসেছিল। নাভালনি সমর্থকদের পক্ষ থেকেও তাদের ব্যাপারে আপত্তি এসেছিল। গত সোমবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছিলেন, নাভালনিকে কেন্দ্র করে যদি আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে রুশ সরকারও পাল্টা ব্যবস্থা নেবে। -রয়টার্স
