‘বিশেষ উন্নয়ন প্রকল্পে’ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা অনিয়ম ও দুর্নীতি করেছেন। এর প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। এজন্য তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। তবে এ বিষয়ে উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ গণমাধ্যমকে বলেছেন, এটা ষড়যন্ত্র আর দুরভিসন্ধিমূলক। আমি এই প্রতিবেদন প্রত্যাখ্যান করছি।
তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১২ ডিসেম্বর শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালকদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের নানা অসংগতি নজরে এলে ইউজিসিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের তিনটি স্থাপনা নির্মাণে অনিয়ম খুঁজে পায়।
তবে এ সব বিষয়ে উপাচার্য বলেন, অধ্যাপক ড. এ কে এম নূর উন নবী উপাচার্য থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প নিয়ে কিছু সমস্যা সৃষ্টি করেছিলেন। আমি ২০১৭ সালের ১৪ জুন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে তার (সাবেক ভিসির) সময়ে থাকা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছি।
