্‘শুরুতে আমি নির্বোধ ছিলাম’

আপডেট : ০৩ মার্চ ২০২১, ২০:২৬

এরইমধ্যে বেশ কয়েকটি আইটেম গান দিয়ে বলিউডে জনপ্রিয়তা অর্জন করেছেন নোরা ফতেহি। আইটেম গানের পাশাপাশি মিউজিক ভিডিওতেও কাজ করছেন সমানতালে। প্রতিটি কাজে তার প্রস্তুতি ও পরিশ্রমও থাকে চোখে পড়ার মতো। সম্প্রতি এমনই একটি খবরে শিরোনামে এলেন এই কানাডিয়ান ড্যান্সার ও অভিনেত্রী। ‘ছোর দেঙ্গে’ শিরোনামের একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের জন্য কয়েকদিন ঘুমাননি তিনি। বিহাইন্ড দ্য সিনের একটি ভিডিও নোরা তার ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, ‘ছোর দেঙ্গের অফিসিয়াল ভিডিও এখন আমার ইউটিউব চ্যানেলে। এবার আমি ঘুমাবো।’ এরইমধ্যে তার এই ভিডিওটি বেশ সাড়া ফেলেছে ভক্তদের মাঝে। তার এই নতুন কাজের প্রশংসায় ভরে গেছে তার ইনস্টাগ্রাম। তবে কাজগুলো প্রশংসিত হলেও বলিউড যাত্রা তার ততটা মসৃণ নয়। সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে এমনটাই জানিয়েছেন নোরা। তিনি বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে বলিউড যাত্রা শুরু করেছি। কিন্তু এখানে এসে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছি। এখনো কষ্ট পাই সংবেদনশীল ভারতে যাত্রা শুরুর সময়ে দেখা খারাপ মানুষগুলোর কথা ভাবলে। আমি তখন খুবই উচ্ছ্বসিত আর নির্বোধ ছিলাম। যে স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম তা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। তবে সেই হুমকি, প্রত্যাখ্যান, আঘাত এখন অনেকটাই কাটিয়ে উঠেছি। নিশ্চয় একদিন বলিউডে ইতিহাস রচনা করবো।’