বতিহালা বাজার-বেদগাছিয়া সড়ক

সংস্কার না হওয়ায় চলাচল ব্যাহত

আপডেট : ০৩ মার্চ ২০২১, ২১:৩১

ধোবাউড়ার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বতিহালা বাজার থেকে বেদগাছিয়া রাস্তা সংস্কারের অভাবে বেহাল হয়ে আছে। ইউনিয়ন পরিষদের আওতাধীন বতিহালা বাজার থেকে বেদগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত তিন কিলোমিটার সড়কে বেশির ভাগ অংশই ভাঙা। শুকনো মৌসুমে সড়কটি দিয়ে কোনোভাবে চলাচল করা গেলেও চরম দুর্ভোগে পড়তে হয় বর্ষাকালে। এই সড়কে কালিনাগর ও বেদগাছিয়া গ্রামের সংযোগস্থলে চিছুওয়া ও নিদয়া নামক বিলের মধ্যে পাশাপাশি রয়েছে দুটি সেতু। বর্ষাকালে সড়কটি পানির নিচে তলিয়ে যায়। রাস্তার বেহাল অবস্থার কারণে কাজে আসছে না সেতু দুটি। ফলে দুর্ভোগে পড়েছে বেতগাছিয়া, বহরভিটা, কালিনাগর, রাউতি, গোপিনপুর, পূর্ব বতিহালাসহ কয়েক গ্রামের মানুষ। এছাড়াও এখানে রয়েছে বেদগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি মাদ্রাসা।

কালিনাগর গ্রামের শিক্ষক হাফিজুর রহমান সুজন বলেন, ‘এই রাস্তা দিয়ে শিক্ষার্থীদের চলাচলে অনেক অসুবিধা হয়, সড়কটি সংস্কার জরুরি। এটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।’

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শাহীনূর ফেরদৌস জানান, রাস্তাটি ইউনিয়ন পরিষদের অধীনে। পোড়াকান্দুলিয়া ইউপি চেয়ারম্যান স্বপন তালুকদার বলেন, ‘এই মুহূর্তে কোনো বরাদ্দ না থাকায় সড়কটি সংস্কার করা সম্ভব নয়, বরাদ্দ আসলে উদ্যোগ নেওয়া হবে।’