বোরহানউদ্দিনে মেঘনার অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে সাত জেলেকে আটক করে স্থানীয় মত্স্য অধিদপ্তর ও নৌ পুলিশের টহল টিম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল-জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত মির্জাকালুর হাকিমুদ্দিন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমীন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
মির্জাকালু হাকিমুদ্দিন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমীন বলেন, অভয়াশ্রমে নিষেধাজ্ঞার দ্বিতীয় দিন অভিযান চালিয়ে সাত জেলেকে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়াইব আহমাদের কাছে হস্তান্তর করি। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক হুমায়ুন, আমজাদ, নুরে আলম ও ফরহাদকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং রাজীব ও জাবেদকে ৫ হাজার করে এবং রোমানকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
