গফরগাঁও উপজেলায় শাঁখচূড়া গ্রামে মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন ও পাঠাগারের রজতজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার দিনব্যাপী শাঁখচূড়া উচ্চবিদ্যালয় মাঠে বইমেলার আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন করবেন।
মুজিববর্ষের অঙ্গীকার, পড়ব বই, বাড়ি হবে পাঠাগার-এ প্রতিপাদ্যে বিশেষ ছাড়ে এই বইমেলা শুরু হবে। শিশুতোষ কিংবা কিশোরদের উপযোগী এই বইমেলায় ১১টি স্টলে বিক্রির জন্য প্রায় ৭ হাজার বই কেনা হয়েছে। এছাড়াও দেশসেরা অনেক লেখক, কবি, সাহিত্যিক উত্সাহী হয়ে বই অনুদান হিসেবে দিয়েছেন। মেলার ১১টি স্টলের মধ্যে বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর লেখা সব বইসহ বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, ইতিহাস ও জীবনী নিয়ে অরো ছয় শতাধিক বই থাকছে। মেলায় বাকি স্টলগুলোতে থাকছে মুক্তিযুদ্ধ, চিরায়ত, শিশু-কিশোরদেরসহ ধর্মীয় বই। একই সঙ্গে হুমায়ূন আহমেদ, ড. জাফর ইকবালসহ দেশের এবং পশ্চিমবঙ্গের জনপ্রিয় লেখকদের বইও মেলায় থাকছে। বইমেলার আয়োজকদের একজন ড. আহমেদ মুনিরুছ সালেহীন জানান, বইয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনের জন্য এ বইমেলার আয়োজন করা হয়েছে। বাড়ি বাড়ি পাঠাগার স্থাপনে উদ্বুদ্ধ করাও এই বই মেলার উদ্দেশ্য।
