সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৩ মার্চ ২০২১, ২১:৩৬

হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ক্ষিরোদিয়া গ্রামে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার রাতে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—ফজর আলী, নেজাম উদ্দিন ও মিরাজ উদ্দিন। রাতেই ধর্ষণের শিকার ঐ গৃহবধূ হাতিয়া থানায় মামলা দায়ের করেন। গত ২৭ ফেব্রুয়ারি রাতে ঐ গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা ঐ তিন জন তার মুখ চেপে ধরে বাড়ির পশ্চিম পাশে সাহাব উদ্দিনের পুকুর পাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এর সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, ধর্ষণের শিকার ঐ গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে।

ঝিনাইদহে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার দুই

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে মঙ্গলবার রাতে ৭১ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শহরের বাসটার্মিনাল এলাকা থেকে তাদের  গ্রেফতার করা হয়। এরা হচ্ছে হাজেরা খাতুন ও সুজিদা আক্তার বিউটি। ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে তিনি জানতে পারেন চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি পরিবহনে মাদক ব্যবসায়ীরা মাদকসহ ঢাকা যাচ্ছে। বাসস্ট্যান্ডে পৌঁছলে বাসটি তল্লাশি করে পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে ঐ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ছয় দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা

সিলেট-ঢাকা মহাসড়কের রশীদপুর ত্রিমুখী পয়েন্টে গোলচত্বর, ছয় লেন প্রকল্প বাস্তবায়নের পূর্ব পর্যন্ত স্পিড ব্রেকার, স্থায়ী ট্রাফিক পুলিশ নিয়োগসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে বুধবার অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্বনাথ, দক্ষিণ সুরমা ও ওসমানীনগর উপজেলাবাসী সিলেট-ঢাকা মহাসড়কের রশীদপুর পয়েন্টে এ অবস্থান কর্মসূচি পালন করে। নিরাপদ রশীদপুর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শেখ মো. আজাদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ শহিদুল ইসলাম সাহিদ এবং মোহাম্মদ আমীর আলীর পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সুফি শামসুল ইসলাম, বিএনপি নেতা আসাদুজ্জামান নূর আসাদ, ইউপি সদস্য জহুর আলী, আব্দুল মোমিন মামুন, যুবলীগ নেতা সেবুল আহমদ প্রমুখ। এ সময় তিন উপজেলার বিপুলসংখ্যক নেতা উপস্থিত ছিলেন।

চিলমারীতে ইয়াবাসহ আটক ১

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

চিলমারীতে ২২০ পিস ইয়াবাসহ খায়রুল ইসলাম (৪৪) নামে এক জনকে আটক করেছে চিলমারী মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শামচপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। চিলমারী মডেল থানার ওসি তদন্ত প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, ইয়াবাসহ খায়রুলকে আটক করা হয়েছে। পরে নিয়মিত মামলা দায়েরপূর্বক তাকে জেলহাজতে পাঠানো হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

শায়েস্তাগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন বুধবার অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার সব ইউনিয়ন থেকে তিন শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট অঞ্চলের সমন্বয়ে ও শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান প্রমুখ।

প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় বুধবার অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হান। শহরের আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান।