দক্ষিণ-পূর্ব কলম্বিয়ার সাবেক ফার্ক বিদ্রোহী গ্রুপের ভিন্নমতাবলম্বীদের একটি ঘাঁটিতে সামরিক বাহিনীর বোমা হামলায় ১০ গেরিলা নিহত ও তিন জন আহত হয়েছে। মঙ্গলবার সরকারি সূত্র একথা জানিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী দিয়াগো মোলানো টুইটার বার্তায় বলেন, সামরিক অভিযান চালিয়ে ফার্কের ১৩ ভিন্নমতাবলম্বীকে ‘প্রতিরোধ’ করা হয়েছে। তবে কখন এ সামরিক অভিযান চালানো হয় সে ব্যাপারে মোলানো কিছু বলেননি। একটি সূত্র এএফপিকে জানিয়েছে, এ অভিযানে ১০ জন নিহত ও তিন জন আহত হয়েছে। কলম্বিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি বনভূমি কালামার পৌরসভা এলাকায় এ বোমা হামলা চালানো হয়। সেখানে সাবেক ফার্কের ভিন্নমতাবলম্বীরা এখনো তত্পর রয়েছে। এসব ভিন্নমতাবলম্বী ফার্ক গেরিলারা কলম্বিয়া সরকারের সঙ্গে ২০১৬ সালে করা শান্তিচুক্তি থেকে নিজেদের দূরে রেখেছে। ঐ চুক্তির মাধ্যমে অর্ধ-শতাব্দীর গৃহযুদ্ধের অবসান ঘটে এবং ঐ বছর ফার্ক গেরিলাদের বড় অংশকেই নিরস্ত্র করা হয়।
