বার্সেলোনা ম্যানেজার রোনাল্ড কোম্যান জানিয়েছেন, সাবেক বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের গ্রেফতারের ঘটনায় তিনি ‘হতাশ’। কোম্যান আরো বলেছেন, তার দৃষ্ঠিতে বার্তোমেউ একজন ‘অসাধারণ মানুষ’, এবং তার গ্রেফতারের ঘটনায় ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ‘বার্সাগেট’ কেলেঙ্কারির রেশ ধরে গত সোমবার কাতালান পুলিশ বার্তোমেউকে ছাড়াও গ্রেফতার করেছিল বার্সার প্রধান নির্বাহী অস্কার গ্রাউ ও আরো দুজনকে। গ্রেফতারের পরদিনই অবশ্য জামিনে ছাড়া পেয়েছেন বার্তোমেউ। ক্লাবে আর্থিক অনিয়ম ও দুর্নীতিকে কেন্দ্র করে এখনো বার্তোমেউ ও তার সহচরদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে পুলিশ।
ক্লাবের ম্যানেজার হিসেবে কোম্যানের আগমন হয়েছিল বার্তোমেউ সভাপতি থাকাকালেই। তাকে নিয়োগ দেওয়া সভাপতি ও বোর্ডের পক্ষেই যে কথা বলবেন কোম্যান, সেটা কিছুটা অনুমিতই ছিল। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই ডাচ ম্যানেজার বলেছেন, ‘খবরটা শুনেই আমি বেশ হতাশ হয়ে গিয়েছিলাম, কারণ আমি কোম্যান এবং গ্রাউ দুজনকেই বেশ ভালোভাবে চিনি। তাদের জন্য খারাপ লাগে আমার। খুব কম সময়ের মধ্যেই তাদের সঙ্গে বেশ ভালো কিছু মুহূর্ত পার করেছি আমি এবং আমার কাছে বার্তোমেউ সবসময়ই একজন অসাধারণ মানুষ ছিলেন। এখন আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে (তদন্তে) কী আসে। যখন এসব ঘটেছিল, তখন আমি এখানে ছিলাম না। সুতরাং এসব নিয়ে কথা বলতে পারব না আমি।’
