অফিসার্স ক্লাবের নাসিরউদ্দিন মেমোরিয়াল টেনিস শুরু আজ

আপডেট : ০৩ মার্চ ২০২১, ২২:১২

দেশের ৪০টি দলের ৩০০ টেনিস খেলোয়াড় নিয়ে আজ রাজধানীতে অফিসার্স ক্লাবে শুরু হতে যাচ্ছে ৩০তম নাসির উদ্দিন মেমোরিয়াল টেনিস টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট উপলক্ষ্যে ক্লাব আঙ্গিনায় মিলন মেলা হবে এমন কথা গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে বললেন কর্মকর্তারা। খেলা শুধুই খেলা নয়, অফিসারদের পদচারণায় অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে ঝড় তুলবেন নবীন প্রবীণ খেলোয়াড়রা। সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কীভাবে খেলা হবে আয়োজনে কী কী থাকছে তা নিয়েও পরিকল্পনা চূড়ান্ত। বুধবার অফিসার্স ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন। এ সময় শেখ ইউসুফ হারুন, প্রফেসর তাহমিনা আহমেদ, পৃষ্ঠপোষক টি এল ফার্নান্দো এবং সাবেক তারকা ফুটবলার শেখ মো. আসলাম উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ঊর্ধ্ব-৩৫, ঊর্ধ্ব-৪৫ ও ঊর্ধ্ব-৫০ এই তিনটি বিভাগে দ্বৈত ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। আকর্ষণীয় ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার ও রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হবে। ১৯৮৮ সালের ১০ সেপ্টেম্বর টেনিস কোর্টে মৃত্যুবরণ করেন নাসিরউদ্দিন আহমেদ।  যৌথভাবে টুর্নামেন্টের ইভেন্ট ম্যানেজম্যান্টের দায়িত্বে  আছে ওয়েডিং বিস এবং প্ল্যানিং বাই শেখস।