পেশাদার লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর ৬০০তম ম্যাচ খেলার দিনে মঙ্গলবার জয় পেয়েছে তার দল জুভেন্তাস। সিরি আ’য় সেপিজয়ার বিপক্ষে ৩-০ গোলের এই জয়ে গোল করে ভূমিকা রেখেছেন রোনালদো নিজেও। অন্যদিকে ইতিহাদ স্টেডিয়ামে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৪-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে আরো এক ধাপ এগিয়ে গেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।
রোনালদোর জন্য রাতটা ছিলই মাইলফলক ছোঁয়ার রাত। পেশাদার লিগে নিজের ৬০০তম ম্যাচটা খেলতে নেমেছিলেন, একটা রেকর্ড হয়ে গিয়েছিল তাই ম্যাচে নামার সময়েই। তবে দলের জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে করলেন আরেক অনন্য কীর্তি। প্রথম ফুটবলার হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ১২ মৌসুম ধরে অন্তত ২০ গোল করার রেকর্ড করেছেন রোনালদো। তার রেকর্ডের রাতে জুভেন্তাসের হয়ে প্রথম দুইটি গোল করেছেন আলভারো মোরাতা ও ফেদেরিকো কিয়েসা। স্পেিজয়ার বিপক্ষে ৩-০ গোলের এই জয়ে টেবিলের শীর্ষে থাকা ইন্টার মিলানের সাত পয়েন্টের ব্যবধানে চলে এসেছে ‘তুরিনের বুড়িরা’।
ওদিকে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত ব্যবধান ১-১ থাকার পরও উলভসের বিরুদ্ধে ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিক ম্যান সিটি। ম্যাচের শেষ ১০ মিনিট ও যোগ করা সময়ে দুইবার গোল করেছেন সিটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়াল জেসুস। শেষ ১০ মিনিটের অন্য গোলটি করেছেন রিয়াদ মাহরেজ।
