পরীক্ষার দাবিতে ডুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ০৩ মার্চ ২০২১, ২২:৩৯

গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবনসহ সব অফিস ভবন এবং উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। শিক্ষার্থীরা জানান, ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, আইপিই, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের একাডেমিক সেশন শেষ হয়েছে। গত বছরের নভেম্বর মাসে পরীক্ষা শেষ হয়ে ফল প্রকাশিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত একাডেমিক সূচি অনুসারে গত ২০ জানুয়ারি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়। যেখানে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সশরীরে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গত ২২ ফেব্রুয়ারি সরকারি ঘোষণার পরিপ্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির এক সভায় এ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

যেহেতু শিক্ষার্থীরা আগে চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে ডুয়েটে ভর্তি হয়। সে অনুসারে পরবর্তী সময় এ বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন-ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করতে আরো চার বছর লাগে। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এ বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করতে তিন বছর বেশি লেগে যায়।