ছিনতাইয়ের মামলা তুলে না নেওয়ায় প্রাণনাশের হুমকি

আপডেট : ০৩ মার্চ ২০২১, ২২:৪২

ছিনতাইকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার না করায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ভুক্তভোগীকে। এমনকি দুর্বৃত্তদের ভয়ে এলাকায় যেতে পারছেন না তিনি। মামলা প্রত্যাহার না করলে তাকে চিরতরে এলাকা থেকে বিতাড়িত করা হবে বলেও শাসানো হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসী হারুন ও শরীফসহ অন্যদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপের দাবি জানান ভুক্তভোগী ঝিনাইদহের মহেশখালী উপজেলার মাহমুদ হাসান। গতকাল বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী।

লিখিত বক্তব্যে মাহমুদ জানান, গত ১৬ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ব্যাংক থেকে ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। তার সঙ্গে থাকা ৫৩ হাজার টাকাসহ মোট ২ লাখ ৩ হাজার টাকা নিয়ে মাইক্রোবাসে রওনা দেন। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে স্থানীয় ছিনতাইকারীরা গাড়ির গতিরোধ করে। এক পর্যায়ে তারা তাকে টেনে গাড়ি থেকে বের করে কিল, ঘুসি ও লাথি মারতে থাকে। পরে তারা টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি এলাকার চিহ্নিত ছিনতাইকারীদের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে আসামিরা তাকে মামলা তুলে নিতে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে তিনি অন্য এক এলাকায় আত্মগোপন করেন। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের আটক করছে না।