গাজীপুরে নির্মাণাধীন ভবনের তিনতলা থেকে পড়ে এক নারী নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নাজমা বেগম। ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার আন্দারিয়াপাড়া এলাকার মৃত চান মিয়ার স্ত্রী নাজমা গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। জিএমপির বাসন থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন পালের পাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করছিলেন নাজমা। অসাবধানতায় তিনি সেখান থেকে হঠাত্ মাটিতে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিত্সক। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
