পঁচাত্তরের ১৫ আগস্টের পুনরাবৃত্তির ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে দ্রুত রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। গতকাল বুধবার (৩ মার্চ) এক প্রতিবাদলিপিতে তিনি এ দাবি জানান।
এর আগে মঙ্গলবার বিকালে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে বিএনপির নেতা মিজানুর রহমান মিনু প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আজ রাত, কাল আবার সকাল না-ও হতে পারে। ’৭৫ মনে নাই?’ তার এ বক্তব্যকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি হিসেবে দেখছেন রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা।
প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘বিএনপির নেতা মিজানুর রহমান মিনুর এ ধরনের বক্তব্য প্রমাণ করে যে, ’৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পেছনে বিএনপির মদত ছিল। রাজপথের রাজনীতিতে বিএনপি সুবিধা করতে না পেরে এখন হত্যার ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে তারা ক্ষমতা দখল করতে চায়। এর অংশ হিসেবেই বঙ্গবন্ধুকন্যাকে হত্যার হুমকি দিয়েছেন জঙ্গি বাংলা ভাইয়ের মদতদাতা মিজানুর রহমান মিনু।’
বিভাগীয় সমাবেশে মিজানুর রহমান মিনু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও আপত্তিকর কথা বলেন। মিনুর এ ধরনের বক্তব্যেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, ‘জাতির পিতার অপমানজনক উক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিববর্ষে মিনু তার প্রতি চরম ধৃষ্টতা দেখিয়েছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
